
গণভোটের ফল অগ্রাহ্য করার দিন থেকেই বিএনপি স্বৈরাচারের পথে হাঁটা শুরু করেছে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি সতর্ক করে বলেন, জুলাই কেবল চব্বিশ সালের মধ্যেই সীমাবদ্ধ নয়; প্রতি বছরই জুলাই এসেছে এবং আবারও আসবে। সেই সময়েই চূড়ান্তভাবে স্বৈরাচারের অবসান ঘটবে। তিনি সবার মধ্যে বিবেক জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে জনগণের রায়কে সম্মান করার এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত মেনে গণভোটের সিদ্ধান্ত কার্যকর করার দাবি জানান। অন্যথায়, তাদের আন্দোলন সংসদের ভেতর ও রাজপথ—উভয় জায়গাতেই চলবে বলে জানান তিনি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি জাতীয় সংসদের সদস্য অধ্যাপক মাসুম মোস্তফার ওপর হামলা, তার গাড়ি ভাঙচুর এবং সহকর্মীদের হয়রানি করা হয়েছে। এ ধরনের পরিস্থিতি দেশের জন্য কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন এবং বলেন, এমন সহিংস বাংলাদেশ তারা চান না; তারা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চান।
তিনি আরও বলেন, এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে শিশু, নারী ও বয়স্করা নির্ভয়ে ঘরের বাইরে যেতে পারবেন এবং নিরাপদে ফিরে আসবেন। শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা নয়, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে অস্ত্র নয়, বই-খাতা থাকা উচিত এবং কোনো ধরনের হামলা বা সন্ত্রাস শিক্ষাঙ্গনে গ্রহণযোগ্য নয়।



